
ডেস্ক নিউজ : গাইবান্ধার সাঘাটায় মজলিসের খাবার খেয়ে শিশু, নারী ও পুরুষসহ পাঁচ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে অনেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, গত ১০ নভেম্বর উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালপানি নয়াপাড়া গ্রামে মৃত জাহিদুল ইসলামের মজলিস উপলক্ষে ভোজনের আয়োজন করা হয়। জাহিদুল এই গ্রামের বাবলু ব্যাপারীর ছেলে এবং কলিম উদ্দীন ব্যাপারীর ভাতিজা। এ জন্য তার বাবা বাবলু ব্যাপারী এলাকার মানুষের কাছ থেকে চাল ও আর্থিক সহায়তা সংগ্রহ করেন। পরে গ্রামের লোকজনসহ বিভিন্ন এলাকার মানুষ এতে অংশ নিয়ে খাবার গ্রহণ করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মজলিসের খাবার খাওয়ার পর থেকেই অনেকের পেটের পীড়া, ডায়রিয়া, বমি ও অন্যান্য শারীরিক অসুস্থতার উপসর্গ দেখা দিতে শুরু করে। প্রথমদিকে কয়েকজন অসুস্থ হলেও সময়ের সঙ্গে সঙ্গে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে বিপুলসংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থদের মধ্যে অনেকের শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। অনেকেই স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে। স্থানীয়দের ধারণা, খাবার কিংবা পানির কোনো ধরনের দূষণের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে এত মানুষের অসুস্থতা দেখা দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে মজলিসে পরিবেশিত খাবার ও পানির নমুনা পরীক্ষা এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সাঘাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ বলেন, ডায়রিয়া আক্রান্তদের চিকিৎসা যথা নিয়মে চলছে। যেসব রোগীর জটিলতা দেখা যাচ্ছে তাদেরকে গাইবান্ধা ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
