
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, নৌ অবরোধ ও ভয়াবহ মূল্যস্ফীতির চাপে নজিরবিহীন সংকটে পড়েছে ইরানের অর্থনীতি। দেশটির মুদ্রা রিয়ালের দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। শনিবার (২৮ নভেম্বর) মুক্তবাজারে প্রতি মার্কিন ডলারের বিনিময়মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩০ লাখ রিয়াল। মুদ্রার এমন অবনতিতে অর্থনৈতিক অস্থিরতা আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মুক্তবাজারে মুদ্রার বিনিময় হার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট বন-বাস্টের তথ্য অনুযায়ী, শনিবার প্রতি ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছিল প্রায় ২৯ লাখ ৯২ হাজার রিয়াল। আগের দিন শুক্রবার এই হার ছিল ২৯ লাখ ৩৮ হাজার রিয়াল। অর্থাৎ এক দিনের ব্যবধানে ডলারের বিপরীতে রিয়ালের আরও অবমূল্যায়ন হয়েছে।
অন্যদিকে, মুদ্রাবিনিময়বিষয়ক ওয়েবসাইট আলানচাঁদ ডট কমের হিসাবে, শনিবার প্রতি ডলারের দাম ছিল ২৯ লাখ ৯৯ হাজার রিয়াল। আগের দিনের তুলনায় এই দর ১ দশমিক ৮৩ শতাংশ বেশি।
গত কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ মূল্যস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছে ইরান। টানা নয় মাসের যুদ্ধের প্রভাবে দেশটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দ্রুত বেড়েছে। এর ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ও অবরোধ অর্থনৈতিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে।
গত জুলাইয়ে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর চলতি মাসের শুরুতে দেশটির স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্যের সরবরাহ সীমিত করার লক্ষ্যে ‘টাস্কফোর্স আয়রন গেট’ গঠনের ঘোষণা দেয় ওয়াশিংটন।
এ সপ্তাহের শুরুতে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণার পর মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের অর্থনীতি তলিয়ে যাচ্ছে এবং দেশটির নেতারা আতঙ্কিত হয়ে পড়েছেন।
তবে বৈদেশিক মুদ্রার মজুত নিয়ে আশ্বস্ত করার চেষ্টা করেছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি। শনিবার তিনি জানান, আগামী কয়েক মাসের জন্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ও ওষুধ আমদানির মতো পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা দেশটির হাতে রয়েছে।
একই সঙ্গে তিনি স্বীকার করেন, ইরানের অর্থনৈতিক পরিস্থিতির পাশাপাশি মনস্তাত্ত্বিক বিভিন্ন বিষয়ও বৈদেশিক মুদ্রাবাজারে প্রভাব ফেলছে। রাষ্ট্রীয় টেলিভিশনকে হেম্মাতি বলেন, অর্থনীতি, মানুষের প্রত্যাশা ও রাজনীতিসহ বিভিন্ন উপাদান মুদ্রাবাজারের গতিপ্রকৃতি নির্ধারণ করে। বাজার স্থিতিশীল রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
এদিকে ইরানের পরিসংখ্যান কেন্দ্রের হিসাব দেশটির মূল্যস্ফীতির ভয়াবহ চিত্র তুলে ধরেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত অক্টোবরে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম আগের বছরের একই সময়ের তুলনায় ৮৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে। বার্ষিক গড় মূল্যস্ফীতি পৌঁছেছে ৭৬ দশমিক ৮ শতাংশে। একই সময়ে খাদ্য ও পানীয়ের দাম বেড়েছে ১১২ দশমিক ৬ শতাংশ।
এর আগে গত আগস্টে ডলারের বিপরীতে ইরানি রিয়ালের বিনিময়মূল্য ২০ লাখের সীমা ছাড়িয়ে যায়, যা তখন রেকর্ড সর্বনিম্ন দরপতন হিসেবে বিবেচিত হয়েছিল। ওই বছরের জুলাইয়ে দেশটির বার্ষিক মূল্যস্ফীতির হার ছিল ৬৬ শতাংশ। সাম্প্রতিক দরপতন ও মূল্যস্ফীতির পরিসংখ্যান ইরানের অর্থনৈতিক সংকটের আরও অবনতির ইঙ্গিত দিচ্ছে।
