ক্রীড়া ডেস্কঃ জয়ের আনন্দটা পুরোপুরি উপভোগ করতে পারলেন না কিলিয়ান এমবাপ্পে। জিনেদিন জিদানের কোচিং অধ্যায়ের প্রথম ম্যাচে তুরস্ককে হারিয়ে মাঠ ছাড়লেও শেষটা হয়েছে চোটের শঙ্কা নিয়ে। হাঁটুর চোটে নেশনস লিগের বাকি অংশে ফ্রান্স অধিনায়ককে আর পাওয়া নাও যেতে পারে।
তুরস্কের বিপক্ষে ম্যাচে ফ্রান্সের জয়সূচক গোলটি আসে এমবাপ্পের পা থেকেই। মাইকেল ওলিসের পাস থেকে ৬৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। এটি ফ্রান্সের জার্সিতে তার ৬৭তম গোল।
তবে গোলের পর উদযাপনের সময়ই খোঁড়াতে দেখা যায় এমবাপ্পেকে। পরে মাঠে চিকিৎসা নেন তিনি। প্রাথমিক চিকিৎসার পরও ব্যথা ও অস্বস্তি না কমায় শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় ফ্রান্স অধিনায়ককে।
ম্যাচ শেষে এমবাপ্পের চোট নিয়ে শঙ্কার কথা জানান জিদান। তিনি বলেন, পরিস্থিতি খুব একটা সুবিধার মনে হচ্ছে না। এমবাপ্পের হাঁটু ফুলে গেছে, তাই তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না তারা। প্রয়োজন হলে তাকে ক্লাবে ফিরে যেতে হবে বলেও ইঙ্গিত দেন ফ্রান্সের নতুন কোচ।
এদিকে জিদানের জন্য ম্যাচটি ছিল আলাদা গুরুত্বের। খেলোয়াড় হিসেবে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতার পর এবার জাতীয় দলের ডাগআউটে দাঁড়িয়ে শুরু হলো তার নতুন অধ্যায়। কোচ হিসেবে ফ্রান্সের দায়িত্ব নেওয়ার আগে রিয়াল মাদ্রিদের হয়ে দুই মেয়াদে কাজ করেছেন তিনি। ২০১৬ থেকে ২০১৮ এবং ২০১৯ থেকে ২০২১ দুই মেয়াদে রিয়ালকে তিনটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা শিরোপা এনে দেন ৫৪ বছর বয়সী এই কোচ।
তবে অভিষেকে জয় পেলেও এমবাপ্পের চোট এখন জিদানের সামনে বড় দুশ্চিন্তা। আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত কিছু জানানো না হলেও কোচের বক্তব্যে স্পষ্ট, দলের সেরা তারকাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না ফ্রান্স।
সম্পাদকঃ মোঃ শাহীনুজ্জামান
সম্পাদকীয়ঃ ৩৩ তোপখানা রোড, মেহেরবা প্লাজা, লেবেল -১১ উত্তর পূর্ব সাইড জাতীয় প্রেসক্লাব ঢাকা- ১০০০।