রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় মোট চার মামলায় এখন পর্যন্ত ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সন্ত্রাসবিরোধী আইনে জনমনে আতঙ্ক সৃষ্টি, নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে এসব মামলা দায়ের করা হয়।
মিরপুর মডেল থানার ওসির দেওয়া তথ্য অনুযায়ী, বুধবারের সংঘর্ষের ঘটনায় মিরপুর মডেল থানায় তিনটি এবং কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে মিরপুর মডেল থানার তিন মামলার দুটির বাদী পুলিশ এবং অন্য মামলাটি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অন্যদিকে, কাফরুল থানার মামলাটিও কর্তৃপক্ষ দায়ের করেছে ডিএনসিসি। প্রত্যেক মামলায় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। সে হিসাবে চার মামলায় মোট আসামি করা হয়েছে প্রায় দুই হাজার জনকে।
জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে হোপ মার্কেটের দিকে ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু করে ডিএনসিসি। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছিল।
অভিযানের একপর্যায়ে ভাসমান দোকান সরানোর সময় ভেকুর আঘাতে বৈদ্যুতিক তার ছিঁড়ে আগুন ধরে যায়। এতে ক্ষুব্ধ হয়ে হকার ও দোকানিরা সিটি করপোরেশনের কর্মীদের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও হকারদের সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
সম্পাদকঃ মোঃ শাহীনুজ্জামান
সম্পাদকীয়ঃ ৩৩ তোপখানা রোড, মেহেরবা প্লাজা, লেবেল -১১ উত্তর পূর্ব সাইড জাতীয় প্রেসক্লাব ঢাকা- ১০০০।