
নিজস্ব প্রতিবেদক: ভিয়েতনামের সমান মজুরি দিতে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প মালিকদের কোনো আপত্তি নেই। তবে এজন্য ভিয়েতনামের মতো উন্নত অবকাঠামো, লজিস্টিক সুবিধা, জ্বালানি সরবরাহ ও শিল্পের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। এমন মন্তব্য করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।
রোববার পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘গার্মেন্ট ওয়ার্কার্স’ ওয়েজ: ফেয়ারনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
মাহমুদ হাসান খান বলেন, যেসব দেশে বাংলাদেশের তুলনায় বেশি মজুরি দেওয়া হয়, সেসব দেশের মতো সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে বাংলাদেশের মালিকদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশে এখনো সেই ধরনের অবকাঠামো ও সহায়ক পরিবেশ গড়ে ওঠেনি।
ভিয়েতনামের উদাহরণ টেনে বিজিএমইএ সভাপতি বলেন, প্রায়ই বলা হয়, ভিয়েতনামে শ্রমিকদের মজুরি বাংলাদেশের তুলনায় বেশি। ভিয়েতনামের সমান মজুরি দিতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু সেজন্য আমাদেরও তাদের মতো অবকাঠামোগত সুবিধা দিতে হবে।
ব্যবসা-বাণিজ্যের প্রতিযোগিতায় বাংলাদেশের পিছিয়ে থাকার বিভিন্ন কারণ তুলে ধরে তিনি বলেন, লজিস্টিক সুবিধা ও লিড টাইমের ক্ষেত্রে বাংলাদেশ ভিয়েতনামের তুলনায় অনেক পিছিয়ে। দেশে এখনো ডিপ সি-পোর্ট নেই। ভিয়েতনামের মতো শক্তিশালী ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পও গড়ে ওঠেনি। পাশাপাশি এ খাতের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের নিশ্চয়তাও নেই।
শ্রমিকদের মজুরি প্রসঙ্গে মাহমুদ হাসান খান দাবি করেন, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারিত হলেও তাঁদের গড় মাসিক প্রকৃত আয় ১৯ হাজার ৫০০ টাকা। অন্যান্য দেশে শ্রমিকদের জন্য সরকারিভাবে বিভিন্ন সামাজিক সুরক্ষা ও সুযোগ-সুবিধা দেওয়া হলেও বাংলাদেশে এ ক্ষেত্রে ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে শ্রমিকদের আন্দোলন ও রাস্তায় নামার কারণ নিয়েও শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য উঠে আসে। শ্রমিকপক্ষের প্রতিনিধিরা অভিযোগ করেন, আলোচনার মাধ্যমে দাবি আদায়ের ক্ষেত্রে শ্রমিকদের আস্থার সংকট রয়েছে। এ কারণে তাঁরা আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, শ্রমিকেরা মনে করেন, রাস্তায় না নামলে তাঁদের দাবিদাওয়া নিয়ে আলোচনা হবে না। এই আস্থার সংকট থেকে বেরিয়ে আসতে হবে।
এর জবাবে বিজিএমইএ সভাপতি বলেন, রাস্তায় না নামলে সমস্যার সমাধান হয় না—এখনো কি আমরা এমন আদিম যুগে রয়ে গেছি? এ ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।
অনুষ্ঠানের সভাপতি ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, নিজেদের দাবি ও সমস্যা তুলে ধরে মনোযোগ আকর্ষণের জন্য রাস্তায় নামার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে কোনো ধরনের বিশৃঙ্খলা কাম্য নয়।
আলোচনায় বাংলাদেশের পোশাকশিল্পের প্রতিনিধি ও শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে এমন একটি স্থায়ী, স্বচ্ছ ও তথ্য-প্রমাণভিত্তিক মজুরি নির্ধারণ কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়, যেখানে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি এবং শিল্পের টেকসই সক্ষমতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতার বিষয়টি সমন্বিতভাবে বিবেচনা করা হবে।
বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, বিশ্বের অন্যান্য দেশে শ্রমিকদের সামাজিক সুরক্ষায় সরকার বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে। কিন্তু বাংলাদেশে এ ধরনের সুবিধা নেই বললেই চলে। এখানে শ্রমিকদের সুযোগ-সুবিধার বিষয়টি পুরোপুরি কারখানার মালিকদের ওপর নির্ভরশীল।
তিনি আরও বলেন, বাংলাদেশে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য-উপাত্তের ঘাটতি রয়েছে। জাতীয় ন্যূনতম মজুরি নেই, ন্যূনতম মজুরির ভিত্তি কী হবে, তারও সুনির্দিষ্ট সংজ্ঞা নেই। পাশাপাশি মজুরি বোর্ডের গবেষণার অভাবও রয়েছে। ফলে মজুরি নির্ধারণের ক্ষেত্রে একটি সুসংগঠিত ও তথ্যনির্ভর প্রক্রিয়া গড়ে তোলা জরুরি।
তবে ওভারটাইম করে শ্রমিকদের অতিরিক্ত আয়কে ন্যূনতম মজুরির সঙ্গে এক করে দেখার বিষয়ে দ্বিমত পোষণ করেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার। তিনি বলেন, ওভারটাইম বাদ দিয়ে একজন শ্রমিক তাঁর স্বাভাবিক কর্মঘণ্টার বিপরীতে প্রকৃতপক্ষে কত টাকা মজুরি পাচ্ছেন, সেটিই বিবেচনায় নেওয়া উচিত।
নিম্নতম মজুরি বোর্ডের সদস্য মুসলেহ উদ্দিন বলেন, চলতি মাসের মধ্যে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে পোশাকশ্রমিকদের জন্য একটি ফলপ্রসূ মজুরি কাঠামো নির্ধারণ করা সম্ভব হবে বলে তাঁরা আশা করছেন।
আলোচনায় গার্মেন্টস উদ্যোক্তা, বিজিএমইএর সাবেক সভাপতি এবং বর্তমানে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজও পোশাকশিল্পের বর্তমান সংকট, চ্যালেঞ্জ ও বাস্তব পরিস্থিতি তুলে ধরেন।
সম্পাদকঃ মোঃ শাহীনুজ্জামান
সম্পাদকীয়ঃ ৩৩ তোপখানা রোড, মেহেরবা প্লাজা, লেবেল -১১ উত্তর পূর্ব সাইড জাতীয় প্রেসক্লাব ঢাকা- ১০০০।