
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ব শেয়ারবাজারে দরপতনের প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। এর ফলে সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। তবে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের মধ্যে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা এবং আঞ্চলিক তেল সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে দাম খুব বেশি কমেনি।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার গ্রিনিচ মান সময় রাত ২টা ১৬ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম শূণ্য দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২৯ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম শূণ্য দশমিক ১৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ২৬ ডলারে নেমে আসে।
এর আগে টানা তিন সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমেছিল।
তবে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার নতুন আশঙ্কা বাজারে দামের পতন সীমিত রাখতে ভূমিকা রেখেছে।
রোববার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার দাবি করেছে। একই সঙ্গে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির কাছাকাছি কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার খবর পাওয়া গেছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনা আন্তর্জাতিক তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। ফলে বিশ্ব শেয়ারবাজারে দরপতনের কারণে তেলের বাজারে নিম্নমুখী প্রবণতা তৈরি হলেও মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতি দামকে বড় ধরনের পতন থেকে কিছুটা রক্ষা করছে।
সম্পাদকঃ মোঃ শাহীনুজ্জামান
সম্পাদকীয়ঃ ৩৩ তোপখানা রোড, মেহেরবা প্লাজা, লেবেল -১১ উত্তর পূর্ব সাইড জাতীয় প্রেসক্লাব ঢাকা- ১০০০।