বিনোদন ডেস্কঃ সাম্প্রতিক ছবিগুলোতে সালমান খানের এনার্জি কমে গেছে, এমন অভিযোগ করেছেন অনুরাগীদের একাংশ। তবে নতুন ছবি ‘মাতৃভূমি’র ট্রেলারে তাকে আবারও পুরোনো মেজাজে দেখে আশাবাদী হয়েছেন অনেকে। অনুরাগীদের এমন আলোচনা ও প্রত্যাশার কথা নিজেই জানিয়েছেন এই বলিউড অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয়, খাদ্যাভ্যাস ও ব্যক্তিগত জীবনযাপন নিয়ে কথা বলেন তিনি।
এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সালমান জানান, অনুরাগীদের এমন প্রতিক্রিয়া তার চোখে পড়েছে। তার দলও তাকে এ ধরনের আলোচনা দেখিয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, সালমানের কী হয়েছে? কেন তিনি আগের মতো কাজ করছেন না? গত পাঁচ-ছয়টি ছবিতে তার এনার্জি কমে গেছে। এমনকি তার কাজ করার আগ্রহ নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
তবে ‘মাতৃভূমি’র ট্রেলার দেখে অনেকের ধারণা, পুরনো ভাইজান আবার ফিরে এসেছেন। অনুরাগীদের এমন প্রতিক্রিয়া সম্পর্কে সালমান বলেন, বন্ধুদের পরামর্শ না শোনার বিষয়টিও তাদের আলোচনায় এসেছে। এসব মন্তব্য যে তার নজর এড়ায়নি, সাক্ষাৎকারে তা স্পষ্ট করেছেন অভিনেতা।
অভিনয় নিয়ে আলোচনার পাশাপাশি নিজের খাদ্যাভ্যাস নিয়েও চমকপ্রদ তথ্য দিয়েছেন সালমান। ‘বিগ বস’-এর বাড়িতে প্রতিযোগীদের খাবার নিয়ে প্রায়ই নানা আলোচনা ও ঝামেলা দেখা যায়। সেই প্রসঙ্গ টেনে অভিনেতা জানান, প্রতিযোগীরা এক দিনে যতটা খাবার খান, তিনি নাকি এক সপ্তাহেও ততটা খান না। দিনে মাত্র এক চামচ ভাত খান তিনি। সঙ্গে থাকে বাড়িতে তৈরি চিকেন, মাটন কিংবা সবজি। এর বাইরে খাবারের পরিমাণ খুব বেশি নয়।
শুধু খাবারের ক্ষেত্রেই নয়, অর্থ খরচের বিষয়েও বেশ হিসাবি সালমান। বিপুল সম্পদ ও দীর্ঘদিনের তারকাখ্যাতি রয়েছে তার। তবে টাকা-পয়সা নিয়ে তার চিন্তাভাবনায় খুব একটা পরিবর্তন আসেনি। ছোটবেলার একটি ঘটনার কথা স্মরণ করে অভিনেতা জানান, একবার তাকে পরামর্শ দেওয়া হয়েছিল, ব্যাংকে ১০ লাখ টাকা জমা রেখে সেই অর্থের সুদ থেকে প্রতিমাসে দুই হাজার টাকা খরচ করতে।
অর্থ সঞ্চয় করে প্রয়োজন মেটানোর সেই ধারণা আজও তার কাছে গুরুত্বপূর্ণ। প্রয়োজনের বাইরে অতিরিক্ত খরচ কিংবা বিলাসিতার চেয়ে সঞ্চয় ও সীমিত চাহিদার জীবনযাপনেই বিশ্বাসী তিনি।
এদিকে বড় পর্দায় আবারও পুরনো মেজাজে ফেরার অপেক্ষায় সালমানের অনুরাগীরা। আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা তার নতুন ছবি ‘মাতৃভূমি’র। ছবিটি ঘিরে ইতিমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। অন্যদিকে, টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-এর সঞ্চালনার দায়িত্বও সামলাচ্ছেন অভিনেতা।
সম্পাদকঃ মোঃ শাহীনুজ্জামান
সম্পাদকীয়ঃ ৩৩ তোপখানা রোড, মেহেরবা প্লাজা, লেবেল -১১ উত্তর পূর্ব সাইড জাতীয় প্রেসক্লাব ঢাকা- ১০০০।