আন্তর্জাতিক ডেস্ক : লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) ৭টা ৩৪ মিনিট পশ্চিম কলম্বিয়ায় এই ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের কম্পনে প্রতিবেশী ইকুয়েডর ও ভেনেজুয়েলাও কেঁপে ওঠে। আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং কলম্বিয়ার সংশ্লিষ্ট ভূতাত্ত্বিক কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী বোগোতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত চোকো অঞ্চলের ‘সান হোসে দেল পালমার’ এলাকায়। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০৭ কিলোমিটার (ইউএনজিআরডি-এর মতে ৭৯ কিমি)।
ভূমিকম্পের তীব্রতায় বেশ কিছু এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। চোকো বিভাগের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা-কুরি জানান, ভূমিকম্পের প্রভাবে বিভাগের রাজধানী কিবদোতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া শহরটির বেশ কিছু স্থাবর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কাজ করছে। সেই সঙ্গে সম্ভাব্য আফটারশক বা অনুকম্পনের আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণে এরই মধ্যে কাজ শুরু হয়েছে বলে জানান গভর্নর। তিনি বলেন, স্থানীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে ও শিগগিরই প্রথম আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
তবে ভূমিকম্পটির মাত্রা নিয়ে বিভিন্ন সংস্থার তথ্যে কিছুটা পার্থক্য দেখা গেছে। ইউএসজিএস ও কলম্বিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৪ বলে জানিয়েছে। অন্যদিকে কলম্বিয়ার ন্যাশনাল ইউনিট ফর ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট (ইউএনজিআরডি) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৬ ও এর গভীরতা ছিল ৭৯ কিলোমিটার।
ইউএনজিআরডি জানিয়েছে, সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য যাচাই করতে তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। ফলে ভূমিকম্পের প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র ও হতাহতের সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।
এই ভূমিকম্পের আগে জুনের শেষ দিকে প্রতিবেশী ভেনেজুয়েলায় পরপর ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই দুটি ভূমিকম্পে শত শত ভবন ধ্বংস ও ৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই ঘটনার পর আবারও দক্ষিণ আমেরিকার এই অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সম্পাদকঃ মোঃ শাহীনুজ্জামান
সম্পাদকীয়ঃ ৩৩ তোপখানা রোড, মেহেরবা প্লাজা, লেবেল -১১ উত্তর পূর্ব সাইড জাতীয় প্রেসক্লাব ঢাকা- ১০০০।